সিলেট সীমান্তে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৭:১৭:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৬ কোটি টাকার সমপরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
১৮ জুলাই শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা সীমান্ত বিওপি থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিমসহ বিপুল পরিমাণ প্রসাধনী ও গরু জব্দ করা হয়। একই দিনে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারিনদীর পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত গোডাউনে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে আরও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম এবং জিলেট ব্লেড।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ধারাবাহিকভাবে জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা। প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





