সিলেটে সীমান্তে ২ দিনে ৬ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৯:১২:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে গত ২ দিনের অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় এসব পণ্য আটক করা হয়।শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর আখালিয়াস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং করেন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
প্রেস বিফিংয়ে জানানো হয়- ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি’র টহল দল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ও শুক্রবার (১৮ জুলাই) ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম, সানগ্লাস ও গরু এবং সীমান্তের এপারে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেটের গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পার্শ্বে একটি পরিত্যাক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভন্ন ধরনের ক্রিম ও জিলেট ব্লেড জব্দ করে। জব্দকৃত এসব চোরাইপণ্যের দাম ৬ কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।





