সিলেট সীমান্তে ২ কোটি ৬৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ৯:৪৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন থেকে পৃথক অভিযানে ২ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। রোববার (২০ জুলাই) সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। রোববার সিলেটে নগরীর আখালিয়াস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদর কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপির টহল দল চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে। জব্দকৃত সব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৬৫ লক্ষ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। জব্দৃকত চোরাইপণ্যের আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।





