আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ বিজিবির
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৯:৩৭:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ জেলার কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথরকোয়ারী, বাংলাবাজার ও পান্থমাই সীমান্ত এলাকায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল টিম অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় ঔষধ, ক্রিম, ফেসওয়াস, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান ও টায়ার জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে রসুন ও শিং মাছ পাচারকালে জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা। অপরদিকে বাংলাদেশের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





