ভারতীয় শাড়িসহ নোহা গাড়ি জব্দ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ১০:১৪:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরী বন্দরবাজার এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় ১৩৩ পিস শাড়িসহ একটি নোহা গাড়ি জব্দ করে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে এই শাড়ি ও গাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় ৪নং গলির শাহেদ এন্টারপ্রাইজ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি সাদা রঙের পুরাতন নোহা গাড়িকে সিগন্যাল দিলে গাড়িটি সামনে এগিয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এসময় সাদা রঙের পুরাতন নোহা গাড়ি, রেজিঃ নং-ঢাকা-মেট্রো-চ-১১-৮৫৩১ (ইঞ্জিন নং-৭ক-০৬২৬৫৯৯, চেসিস নং- কজ৪২-৫০২৩৭৫২) তল্লাশী চালিয়ে গাড়ির ভেতরে পেছনের সিটের উপর হতে বিভিন্ন রঙের ভারতীয় বেনারশী শাড়ি ৬০ পিস, কাঞ্জিভরম শাড়ি ৬৯ পিস, কাতান শাড়ি ৪ পিসসহ মোট ১৩৩ পিস ভারতীয় শাড়িসহ নোহা গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধারা-২৫ ই (১) (ই)/২৫ উ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪। মামলা নং-৩১ (২৪/০৭/২০২৫)। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।





