জৈন্তায় ভারতীয় পণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৬:৪৩:১৭ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, চোরাচালান কাজে ব্যবহৃত দুটি নৌকা ও একটি নোহা গাড়ীসহ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান এলাকার জনৈক সিরাজ মিয়ার ফিসারীর বিল্ডিংয়ের পিছন ও নলজুরী খাসিনদীর পূর্বপাড় এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্যান্ডের চকলেট আটক করে। এসময় নদী পথে ভারতীয় চকলেট বহনকারী দুটি নৌকা ও সড়ক পথে বহনের জন্য নিয়ে আসা একটি সিলভার রংয়ের নোহা গাড়ীসহ ১ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে মোঃ আব্দুস সামাদ (২৫)। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, বারকী নৌকা যোগে খাসিনদী দিয়ে ভারত হতে নানা ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসে। সুযোগ বুঝে নলজুরী নদীর বিভিন্ন স্থানে পূর্ব হতে প্রস্তুত প্রাইভেটকার, নোহাগাড়ী, লেগুনা, ডিআই ট্রাক, সিএনজি গাড়ীতে পণ্য পরিবহন করে আসছে দীর্ঘ দিন থেকে। আটককৃত ব্যক্তি আরও জানায়- পুলিশের অভিযান বুঝতে পেরে গোয়াইনঘাট উপজেলার লাখেরপাড় আসামপাড়া (ছৈলাখেল ৮মখন্ড) গ্রামের মো. আমির হোসেনের ছেলে মোঃ মোস্তফা মিয়া (৪০), সহ অপর নাম না জানা আরেক চোরাকারবারী পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ চোরাচালান কাজে ব্যবহৃত ২টি বারকী নৌকা ও ১টি নোহাগাড়ী আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী অপরাধে থানায় মামলা করা হয়েছে।





