সিলেট সীমান্তে আরো সোয়া ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ৯:২২:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অভিযান জোরদারেও সিলেট সীমান্তে বন্ধ হচ্ছেনা চোরাচালান। এবার বিজিবির হাতে জব্দ হয়েছে সোয়া ৩ কোটি টাকার চোরাইপণ্য। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে ও শনিবার (২৬ জুলাই) ভোরে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে বিজিবি। কনিবার (২৬ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট ও গরু এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ও বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে সিলেট ও সুনামগঞ্জ থেকে ৫ কোটি ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করে ৪৮ বিজিবি।





