জৈন্তায় ভারতীয় এলাচসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৬:৪৩:৩২ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে ৩ বস্তা ভারতীয় এলাচসহ ১ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, রোববার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে অভিযান পরিচালনা করে ১টি নীল রংয়ের পিকআপ তল্লাসী চালিয়ে চোরাইপথে নিয়ে আসা ৩ বস্তা ভারতীয় এলাচ পাওয়া যায়। বৈধ কোন প্রকার কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ৩ বস্তায় মোট ১৫০ কেজি এলাচ, ১টি পিকআপ গাড়ীসহ ১জনকে আটক করে থানায় নিয়ে আসে। অপর দুই চোরাকারবারী পালিয়ে যায়। আটক ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোঃ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচসহ ১জনকে আটক করা হয়। আটককৃত এলাচের বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃতসহ পলাতকদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণপূর্বক আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।





