সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৯:১৭:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত থেকে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বিজিবি। পৃথক অভিযানে বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ান নিয়ন্ত্রণাধিন এলাকা গোয়াইনঘাটের সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা ।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল আটক করা হয়। চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত চোরাইপণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





