সিলেট সীমান্তে ফের দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ৯:৪১:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সোয়া কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দের ২৪ ঘন্টার মাথায় সিলেট সীমান্ত থেকে ফের আরো দেড় কোটি টাকার পণ্য আটক করেছে বিজিবি। শুক্রবার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। শুক্রবার (১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধিন গোয়াইনঘাটের সংগ্রাম, প্রতাপপুর, সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট বিওপি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, থ্রী পিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লক্ষ ৯৬ হাজার টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল আটক করা হয়। চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত চোরাইপণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য- এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি।





