সিলেট সীমান্তে ফের কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:১১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত থেকে ফের দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বিজিবি। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে শনিবার সকালে এসব পণ্য আটক করা হয়। শনিবার (২ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধিন সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কারেন্ট জাল, রসুন, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ, বিয়ার, বাংলাদেশ থেকে পাচারাকালে রসুন ও শিং মাছ এবং চোরাচালানী রসুন পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা আটক করে।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১১ লক্ষ ৪ হাজার ২৫০ টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল আটক করা হয়। চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত চোরাইপণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য- এর আগে শুক্রবার (১ আগস্ট) সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে ১ কোটি ৫৩ লক্ষ ৯৬ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এছাড়াও বৃহস্পতিবার (৩১ জুলাই) ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি।





