বড়লেখায় চুরির ঘটনায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৬:১০:০০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ব্যবসায়ীর বাড়িতে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত শরীফ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত ৮ হাজার টাকা উদ্ধার এবং লুন্ঠনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার শরীফ সিলেটের বিয়ানীবাজার উপজেলার (বৈরাগীবাজার) খাশিবরন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে। বর্তমানে সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় বসবাস করছে। পুলিশের জিজ্ঞাসাবাদের লুন্ঠনের ঘটনায় সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, ১৩ জুলাই বড়লেখা পৌরসভার তেলীগুল এলাকার ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠানে পরিবারের সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যান। ওই সময় দোতলা বাড়ির প্রতিটি কক্ষে তালা দেওয়া ছিল। এই সুযোগে ডাকাতরা ঘরে ঢুকে দুটি স্বর্ণের বালা, একটি জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন, একটি ব্রেসলেট, নগদ এক লাখ ৪৫ হাজার টাকা ও ৫০০ মার্কিন ডলারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরিবারের সদস্যরা দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে পেছনের ফটক ও ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরে তছনছ অবস্থায় দেখতে পান। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই ভুক্তভোগী ব্যবসায়ী শামীম আহমদ বড়লেখা থানায় মামলা করেন। মামলার পর বড়লেখা থানার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার ও এএসআই ফজলে আজিম সিসি ক্যামেরার ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করেন। এরপর পুলিশ শরীফের অবস্থান শনাক্ত করেন। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার শরীফের দেওয়া তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল এবং লুট হওয়া টাকার মধ্যে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত অন্যদের নামও প্রকাশ করেছে। তবে, তদন্তের স্বার্থে তিনি তা প্রকাশ করেননি। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।





