হবিগঞ্জে হ্যান্ডকাপসহ পালালেন আওয়ামীলীগ নেতা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৬:২১:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন ৯ হত্যা মামলার আসামি ও ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদকে পুলিশ সোমবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তিনি হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে ধরতে অভিযান চালায়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ হত্যা মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনার সময় তার কিছু অনুসারী বাধা দিলে সুযোগে তিনি নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তিনি আরও জানান, মজিদকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।





