জাফলংয়ে হত্যা মামলায় গ্রেফতার ৯
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৮:৩৩:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। মামলায় কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জাফলং চা-বাগান এলাকার মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়’র ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায়, বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা সরকার মো. তোফায়েল আহমদ জানান, জাফলং চা-বাগানে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করেছে। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।





