নগরে মাদ্রাসা শিক্ষক খুন : ঘাতক আটক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৯:০৬:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমেদ খুনের ঘটনায় শ্যালকপুত্র (ভাতিজা) নয়ন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নগরীর আখালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন আহমদ নগরীর আখালিয়া বড়গুল এলাকার আল আমিনের ছেলে। নিহত মাওলানা জুবায়ের আহমদ একই এলাকার বাসিন্দা ও স্থানীয় ডা. তানজিনা আহমদ মাদরাসার সুপার।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জুবায়ের হত্যার ঘটনায় বুধবার রাতেই পুলিশ ঘাতক নয়নকে গ্রেফতার করেছে। এই ঘটনায় নিহত জুবায়ের আহমদের ছেলে বাদি হয়ে নয়নকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে নয়নকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।’
এসএমপির জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশীদ বলেন, ঘাতক নয়ন নিহত জুবায়ের আহমদের স্ত্রীর বড়ভাই আল আমিনের ছেলে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত ছিল। শাসন করায় ক্ষিপ্ত হয়ে নয়ন ছুরিকাঘাত করে তাকে খুন করেছে।





