ফেনসিডিলসহ সিলেটের ৫ জন ব্রাহ্মণবাড়িয়ায় আটক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৮:৫৮:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ফেনসিডিলসহ সিলেটের ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিশ্বরোড এলাকার মায়ের দোয়া খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার কানাইঘাট থানার নয়াখোলা গ্রামের আব্দুল হকের ছেলে ও ট্রাক চালক মো. খায়রুল ইসলাম (৪৫), গোলাপগঞ্জ থানার দারাবড় গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল হাসান পান্না (২২), কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের আকবর আলীর ছেলে মো. মকলিছুর রহমান (২৮), একই থানার তেলিখাল গ্রামের মৃত আসমান আলীর ছেলে মো. সুহেব হোসেন (২০) এবং ভোলাগঞ্জ কালাসাদক গ্রামের মোতালেব মিয়ার ছেলে মো. হায়দার আলী (৪০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে একটি নীল ও হলুদ রঙের বড় ট্রাকে করে মাদক ঢাকায় নিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ায় চেকপোস্টে ট্রাকটি থামানোর চেষ্টা করলে ভেতরে থাকা ৬ জন পালানোর চেষ্টা করে। এ সময় ৫ জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়। পরে ট্রাকের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকের পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





