বিয়ানীবাজারে ময়লার স্তুপ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৮:১৫:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের সুপাতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। তখন ঐ এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে ময়লার স্তূপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় দোনালা বন্দুকটি উদ্ধার করা হয়।
সোমবার (১৮ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রটি বিয়ানীবাজার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সম্ভবত কোনো অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে, কারা এই অস্ত্রটি এখানে রেখে গিয়েছিল, তা এখনো অজানা। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে। এই ঘটনাটি বিয়ানীবাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, রোববার গভীর রাতে র্যাবের একটি দল পৌরসভার একটি পরিত্যক্ত জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। বর্তমানে সেটা আমাদের থানা হেফাজতে রয়েছে।





