দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে : চরমোনাই পীর
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে, তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলো। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-০৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতয়ালী আংশিক) আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। যারা এসব ষড়যন্ত্র করছে তাদেরকে এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।





