আলোচিত লোগো সরিয়েছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫:৪২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: প্রকাশের একদিন পরই দলের আলোচিত নতুন লোগোটি সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সোমবার (২৯ সেপ্টেম্বর) সরানো হয়েছে।
এর আগে রোববার সকালে জামায়াত আমিরের সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে। সোমবার একই কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় সেই লোগোটি আর দেখা যায়নি। রোববার নতুন লোগোটি জনসম্মুখে এলে বেশ আলোচনা হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মূলত আমিরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে নতুনভাবে ডেকোরেশন করার কারণে সেখানে কিছু জিনিস রাখা হয়েছে। জামায়াতে ইসলামী প্রস্তাবিত নতুন লোগো অসাবধানতাবশত প্রকাশ্যে এসেছে। তবে বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে, তা চূড়ান্ত হয়নি। লোগো চূড়ান্ত না হওয়ায় আপাতত কোনো দলীয় লোগো ব্যবহার করছি না। নির্বাহী পরিষদের আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে বিষয়টি সবাইকে জানানো হবে।’
হঠাৎ লোগো পরিবর্তন কেনো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের যে লোগো সেটি প্রায় ৩০/৪০ বছর আগের। ফলে এখন দলের নীতিনির্ধারকরা নতুন লোগো তৈরির প্রয়োজনীয়তা মনে করেছে। বিশেষ করে সময় ও প্রজন্মের প্রয়োজনে নতুন লোগা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি লোগো ক্যালিগ্রাফিসহ নকশা করা হয়েছে। সুতরাং লোগো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত কোনো লোগো ব্যবহার করছি না।
জানা গেছে, নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা লাল-সবুজের জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান লাল রংয়ের সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দ- হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ। আর দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা বাংলা ও আরবিতেও লেখা আছে।
জামায়াতের আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহ শব্দ এবং তার মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)। এরপর থেকে ধূসরের মধ্যে সবুজ রঙের বৃত্ত রেখায় কালো রঙে বাংলাদেশ জামায়াতে ইসলাম লোগো ব্যবহার করা হচ্ছে। জামায়াতের ভেরিফায়েড ফেসুবকে এখনো সেই লোগোটিই রয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘আগের লোগোটি যে কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছিল সেখানে আরেকটু মডিফাই (পরিমার্জন) করে নতুনভাবে লোগো ডিজাইন করা হচ্ছে। এরইমধ্যে একাধিক ডিজাইনের লোগো তৈরি করে প্রস্তাব করা হয়েছে।’
নতুন লোগো তৈরি কেনো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে আমরা বিশেষ বার্তা দিতে চাই। সে আলোকেই লোগোর ডিজাইন করা হচ্ছে। অর্থাৎ নতুন লোগোতে বিশেষ থিম আছে। কলম হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচারের প্রতীক। যার ভূখন্ড হবে লাল-সবুজের বাংলাদেশ।’





