নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মীরা বিদেশে বসে বিভ্রান্তি ছড়াচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৮:২২:২৪ অপরাহ্ন

মো. মুহিব হাসান, ওসমানীনগর : ওসমানীনগরের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভুয়া মিছিলের ভিডিও আপলোড করে এলাকায় বিভ্রান্ত ছড়ানোর খবর পাওয়া গেছে। সিলেট-ঢাকা মহাসড়কের ঊনিশ মাইল নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল হয়েছে এমন একটি ভুয়া ভিডিও নিজের ফেইসবুক আইডিতে আপলোড করে এলাকার সাধারণ লোকজনকে বিভ্রান্ত করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সোশ্যাল এক্টিভিস্ট সেলিম আহমদ চৌধুরী (সেলিম) নামের একজন। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন পরবর্তি সময়ে তিনি যুক্তরাজ্যে বসে প্রতিনিয়ত তার ফেইসবুকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি ও জামায়াত শিবিরের নামে কুৎসা রটাচ্ছেন। গেল স্বৈরাচার সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে এবং বিএনপি জামায়াতের নামে বিভিন্ন ভুয়া সংবাদ, ভিডিও চিত্র তার ফেইসবুক আইডিতে লোড দিয়ে অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। ফেইসবুকে মিছিলের ভুয়া ভিডিও আপলোডের পর এলাকায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, গত বছরের জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের সাথে সাথে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা আব্দাল মিয়াসহ একাধিক নেতাকর্মী যুক্তরাজ্যে চলে যান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুসহ উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদবীধারী নেতাগণও এখন পর্দার অন্তরালে চলে গেছেন। দেশে আওয়ামীলীগের বিভিন্ন পদের পদবীধারী নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে থাকলেও যুক্তরাজ্যে বসে সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ একাধিক নেতা ফেইসবুকে বিভিন্ন ভুয়া সংবাদ ছড়িয়ে নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে গত বুধবার উপজেলার উছমানপুর ইউনিয়নের গহরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ চৌধুরী তার নিজের নামের ফেইসবুক আইডি থেকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে সিলেট-ঢাকা মহাসড়কের ঊনিশ মাইল নামক স্থানে ছাত্রলীগের নামে একটি মশাল মিছিলের একটি ভুয়া ভিডিও আপলোড করেন। অথচ এখানে গেল এক বছরের মধ্যে ছাত্রলীগ আওয়ামীলীগ যুবলীগের ব্যানারে কোনো মিছিল অনুষ্ঠিত হয়নি। তাছাড়া তিনি দেশে অবস্থানরত আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে তার ফেইসবুক আইডিতে প্রতিদিন বিভিন্ন কর্মসূচীর ভূয়া সংবাদ ভিডিও আপলোড করে গুজব ছড়িয়ে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামীলীগের এক কর্মী বলেন, আমরা আওয়ামীলীগ করতাম। দল এবং সরকার থেকে কোনো সময় কোনো সুযোগ সুবিধা পাইনি। যারা বড় বড় পদ পদবীধারী নেতা ছিলেন তারা পদ পদবী ও সুযোগের অপব্যবহার করে আমাদের বেকায়দায় ফেলে বিদেশে আরামে বসে ফেইসবুকে কর্মসূচীতে নামার আহবান করছেন। তাদের এ আহবানে আমরা রাস্তায় কেন নামবো?
উছমানপুর ইউপি জামায়াতের আমীর মো. শায়েস্তা মিয়া বলেন, আওয়ামীলীগ বিগত তিনবার বিনা ভোটের নির্বাচনের আয়োজনের মাধ্যমে ক্ষমতায় থেকে জনসমর্থন হারিয়ে বিদেশে পালিয়েছে। দেশে কোথাও তাদের দাঁড়াবার সক্ষমতা নেই। বিদেশে বসে যারা কর্মসূচীর ডাক দেন এবং এআই দিয়ে ভিডিও বানিয়ে মিথ্যা গুজব ছড়ান তাদের রাস্তাঘাটে পাইলে জামায়াত শিবির সাধারণ জনতাকে সাথে নিয়ে প্রতিহত করবে। এরকম মিথ্যা গুজব ছড়িয়ে কোন লাভ হবে না।
উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার সরকারের দোসররা মিথ্যা সংবাদ ছড়িয়ে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করতে চায়। এদের মিথ্যা গুজব, অপতৎপরতা বিএনপি যুবদল ছাত্রদল সাধারণ জনতাকে সাথে নিয়ে রুখে দিবে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মোনায়েস মিয়া বলেন, গেল বছরের আগস্ট পরবর্তি সময় থেকে এ যাবৎ সিলেট-ঢাকা মহাসড়কের কোথাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সংগঠিত হয়ে কোন মিছিল করতে পারেনি। তাদের কিছু নেতা কর্মীরা বিদেশে বসে ভুয়া কর্মসূচীর সংবাদ দিয়ে এলাকায় বিভ্রান্ত ছড়াচ্ছে। পুলিশ এলাকায় সদা তৎপর রয়েছে, এরকম নিষিদ্ধ সংগঠনের কোন কর্মসূচী হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





