আমার উদ্দেশ্য এখন মানুষের সেবা করা: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:০৫:৫৯ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের দল বিএনপি, আমাদের প্রতীক ধানের শীষ। নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি, নাগরিক অধিকার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমার উদ্দেশ্য এখন মানুষের সেবা করা, আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করা। আমি যদি নির্বাচিত হই, এক বছরের মধ্যে দেখবেন তিন উপজলার অন্যরকম চিত্র। সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে।
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী দলের কারা নির্যাতিত শহীদ জিয়ার আদর্শের সকল নেতাকর্মীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা হোসেন এর সভাপতিত্বে ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুর পরিচালনায় আরিফুল হক চৌধুরী আরো বলেন, ওয়ান ইলেভেনের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন কর পঙ্গু করে দেয়ার অপচেষ্টা করা হয়েছিল। জিয়া পরিবারকে ষড়যন্ত্র করে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল সেই সময়। শুধু তাই নয়, ফ্যাসিস্ট আ’লীগের আমলে ১৭ বছর আমাদের নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন, গুম, খুন, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আ’লীগের আমলের প্রত্যেকটা নির্যাতনের বিচার হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, ফয়জুল হাসান বুলবুল, বৃহত্তর আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজির উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সমছির আহমদ, অলিউল্লাহ আহাদ, খায়রুল ইসলাম ও যুবদলনেতা ফয়জুল হাসান বুলবুল। বিজ্ঞপ্তি





