মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কার শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৮:২৮:৫৫ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়কে রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহান। দীর্ঘদিন পর সম্প্রতি সময়ে সংস্কার কাজ হওয়ায় দুর্ভোগের লাঘব হচ্ছে হাজারো মানুষের।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ রামেশ্বরপুর বাজার মসজিদের পাশ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করছে শ্রীমঙ্গলের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই কাজ হাতে নেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের রূপসপুর, বনবিষ্ণুপুর, রামেস্বরপুর, সোনারগাঁও, লক্ষ্মীপুর, রশিদপুর, বলরামপুর, গোবিন্দপুর, হরিশ্মরণ, দূর্গাপুর গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের জনসাধারণ এই সড়ক ব্যবহার করে আসছেন। রাস্তাটি ভেঙ্গে পড়ায় এলাকার অসুস্থ লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রুমা রানী সেন জানান, সিডিউল মোতাবেক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। আশা করি আগামী ১০/১৫ দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছি।





