কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৬:২৫:৩৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি পাইকারি শপিং সেন্টারে (জিএম প্লাজা) অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১২৪ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।
অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।
যৌথ অভিযানের সময় বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন। অভিযানের সময় জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজন বিদেশিকে নজরে আনে কর্তৃপক্ষ।
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ থেকে ৫৯ বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। অভিযানে ডিবিকেএল ছয়টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয়।
কেপিডিএন মূল্য তালিকার অনিয়মের কারণে সাতটি কম্পাউন্ড দেয়, যার মোট জরিমানা ৬ হাজার ৫০০ রিঙ্গিত। এসএসএম ১১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ২৫টি লঙ্ঘন শনাক্ত করে, যার জরিমানা ৫০০ থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত হতে পারে। আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতা অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়।





