কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৭:৩৩:৩৬ অপরাহ্ন

সাহিত্যের দর্পণে প্রতিবিম্বিত হয় একটি জাতির জীবনপ্রণালি। প্রতিফলিত হয় কোনো দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি। মানুষের আবেগ ও মননের মাধ্যমে জীবনের সত্য, জীবনাতীতের সত্য ভাষার সৌন্দর্যে মণ্ডিত হয়ে সাহিত্যে উদ্ভাসিত হয়। সত্য যখন শব্দ শিল্পের পরশে সুন্দর হয়ে প্রকাশিত হয় তখন তা যুগ যুগ ধরে সংবেদনশীল হয়ে মানুষের মনে রসাবেদন সৃষ্টি করে। আর মানবমনে এ ধরনের পবিত্র আনন্দ সৃষ্টি করাটাই সাহিত্যের প্রধান কাজ। নবীন ও তরুণ লেখকদের সাহিত্য রচনার সময় এসব বিষয় খেয়াল রাখতে হবে। সমাজ ও রাষ্ট্রের সমসাময়িক ঘটনাবলী গল্প, কবিতা, ছড়া, উপন্যাস ও প্রবন্ধের মধ্যে তুলে ধরতে হবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৫৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসরকক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও কবি এস এম ফাহিমের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, কবি ছয়ফুল আলম পারুল ও প্রভাষক কবি মো. আখলাকুল আসপিয়া।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আদীল আনোয়ার। লেখাপাঠে অংশ নেন আতাউর রহমান বঙ্গী, মাজহারুল ইসলাম মেনন, লিপি খান, এ বি এম হাসান চৌধুরী, জুবের আহমদ সার্জন, তাসলিমা খানম বীথি, আব্দুল মুমিন, হুসাইন হামিদ, মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী তালহা, লোকমান হাফিজ, এম আর চৌধুরী আশিক, কামাল আহমদ, আদীল আনোয়ার, চন্দন তালুকদার, মো. আব্দুর রব, দিদার আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল, সুইটি ও লিলু মিয়া। সেরা লেখক মনোনীত হন লোকমান হাফিজ। আসর শেষে কবি আলিম উদ্দিন আলম সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘আমাদের ডাক’ নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি





