জৈন্তায় খুচরা সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:১২:২১ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : নতুন সার নীতিমালা-২০২৫ বাস্তবায়নের প্রেক্ষিতে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জৈন্তাপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় খুচরা সার-বিক্রেতারা। রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার খুচরা সার ডিলারসহ ব্যবসায়ী এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে স্বল্প লাভে স্থানীয় কৃষকদের কাছে দ্রুত সার সরবরাহ করে আসছেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষিজ উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
জৈন্তাপুর খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাইফউদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সদস্য ফজলুর রহমান, আতিকুর রহমান ও হাবিবুর রহমান। পরে ব্যবসায়ীরা খুচরা সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।





