নগরীর ব্যবসা প্রতিষ্ঠানে খন্দকার মুক্তাদিরের গণসংযাগ
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৬:১৪:০৮ অপরাহ্ন

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিংমল ও দোকানপাটে গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
সোমবার তিনি দিনভর মহানগরের জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাকলী, মিলেনিয়াম, ওয়েস্ট ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিপনী বিতানে গণসংযোগ করেন। এসময় বিএনপির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপনাদের মূল্যবান রায়ে আমাকে নির্বাচিত করলে সিলেটকে আরও ব্যবসাবান্ধব করে গড়ে তোলা হবে। সিলেটকে প্রকৃত অর্থে একটি অর্থনৈতিক হাব করা হবে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এখনো মিল-কলকারখানা গড়ে উঠেনি, এটি দুঃখজনক। আমরা আগামীতে প্রবাসীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করে সরকারি সহায়তায় সিলেটে বিভিন্ন ধরনের মিল-ফ্যাক্টরি গড়ে তোলার চেষ্টা করবো। এতে বেকারত্ব নিরসনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সিলেট আরও সমৃদ্ধ হবে। জালালাবাদ আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে ও পীরমহল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে গণসংযোগে অংশগ্রহণ করেন।
এদিকে, জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ছাড়াও মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি স্থানীয় সমস্যাগুলো উল্লেখ করে নির্বাচিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি





