নগরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তোফায়েল আহমদ (৪৬) নামের এক ব্যক্তি। গত মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। মৃত বক্তি পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসা-৮৭/১ আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, তোফায়েল আহমদ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার সকালের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুইজন রাগারাগি করে পৃথক কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুপুরের দিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা বসত ঘরের ফ্যানের সাথে তোফায়েল আহমদকে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বেলা ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তোফায়েল আহমদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির বলেন, দুইজনেই আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।





