সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতের তেল–গ্যাসক্ষেত্রে একের পর এক হামলা ইরানের
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ৪:০৩:০৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : সৌদি আরবের ইয়ানবু বন্দরের ‘সৌদি আরামকো’র সামরেফ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বর্তমানে ‘মূল্যায়ন করা হচ্ছে’।
কুয়েতের মিনা আল-আহমাদি ও মিনা আবদুল্লাহ—দুই তেল শোধনাগারে একই সঙ্গে লাগা আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে ফায়ার সার্ভিসের ছয়টি দল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কুয়েত ফায়ার ফোর্স এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনা দুটিতে পরিকল্পিত হামলার পর আগুনের এ সূত্রপাত হয়েছে। বর্তমানে জরুরি উদ্ধারকারী দল দেশের অন্যতম প্রধান এই দুই জ্বালানি কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করছে।
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে ইরানের এ হামলায় স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি।
রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।
কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, তবে দেশটির পুরো ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্র ‘বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন।





