মাধবপুরে গাঁজাসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫:২৩ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ট্রাকভর্তি খড়ের ভেতরে লুকিয়ে পরিবহনকালে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক বহনে জড়িত দুইজনকে আটক করেছে বিজিবি।
বুধবার রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল সন্দেহজনক একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে খড়ের ভেতরে বস্তাবন্দি অবস্থায় অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
আটককৃত আসামীরা হলো- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) এবং একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় ধরনের মাদক চালান জব্দ সম্ভব হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত ভারতীয় গাঁজাসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।





