সিলেট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৬:৪২:৫৬ অপরাহ্ন

শুক্রবার সন্ধ্যায় সিলেট শহরের জিন্দাবাজার, পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির ৪০তম বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী। সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের সহকারী স্টোর কীপার এ.এইচ.এম. সালেহ ইব্রাহিম, পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন আমন্ত্রিত অতিথি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস ।
সভার শুরুতে সমিতির সকল প্রয়াত জীবন সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য মুজিবুর রহমান শওকত। সভার শুরুতে উক্ত বার্ষিক সাধারন সভায় উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির কার্যকরি কমিটির সম্মানিত সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী। বিগত ৩৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠসহ সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের বিগত এক বছরের কর্মকান্ড এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৫ উপস্থাপন করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন। সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন-২০২৫ উপস্থাপন করেন এবং ২০২৫-২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, অডিটর নিয়োগ করার প্রস্তাব করেন। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন, ২০২৫-২৬ সালের আয়-ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ২০২৫-২৬ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য প্রস্তাব করা হয় এবং উপস্থিত সমিতির জীবনসদস্যগণের সমর্থনে তা অনুমোদিত হয়।
সভার ২য় অধিবেশনে সিলেট ডায়াবেটিক সমিতির নির্বাচনী বোর্ড-২০২৫ এর চেয়ারম্যান জনাব এ. এম. আসাদ (এডভোকেট) এবং সদস্য জনাব এ. কে. এম. আলী আসগর (এডভোকেট) উপস্থিতিতে সিলেট ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৮ সাল মেয়াদের জন্য সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ এম. এ. মান্নানসহ ২৭জন নব-নির্বাচিত কার্যকরি কমিটির নাম ঘোষণা করা হয়। বিদায়ী নির্বাহী কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সদস্য সাবেক নির্বাহী সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং নব নির্বাচিত কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. শামীম আহমদ।
সভার সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সিলেট ডায়াবেটিক সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।





