হাদির খুনের বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল সিলেট
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ মো. উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রোববারও বিক্ষোভ উত্তাল ছিল সিলেট নগরী। রোববার বেলা ২টা থেকে নগরের চৌহাট্টা এলাকায় ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেটের বিভিন্ন সংগঠনের ব্যানারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার সন্ধ্যা ৮ টা পর্যন্ত) রাজপথ দখলে নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচার দাবি জানিয়ে তারা বলেন, শুধু সিলেট নয়, একই দাবিতে দেশের সব বিভাগীয় শহরে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। শহীদ শরীফ উসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়বে। ছাত্র-জনতার কর্মসূচী অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং এ বিষয়ে বিচারিক কার্যক্রমে গড়িমসি করা হচ্ছে। তারা আগামী ৩ দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল এবং ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিক্ষোভ চলাকালে হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে চৌহাট্টা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে শনিবারও একই স্থানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। প্রসঙ্গত- এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ মো. ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।





