নগরীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:০০:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বাদামবাগিচা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তোফায়েল আহমদ আসাদ ওরফে রুমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বাদামবাগিচা এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযান চালিয়ে বাদামবাগিচা এলাকার ১নং মসজিদ গলির উজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা তোফায়েল আহমদ আসাদ ওরফে রুমানকে (২৫) গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার শিবপাশা বাজার এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে। এসময় তার বাসা থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাকে সিলেট মেট্রোপলিটন কারাগারে প্রেরণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।





