শাহ আরেফিন টিলার পাথর চুরির দায়ে ১৬জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৮:২০:১৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার পাথর চুরির সাথে সম্পৃক্ত থাকায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পয়েন্ট ও তিনতলা পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান।
পুলিশ জানায় শাহ আরেফিন টিলা থেকে পাথর চুরির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাড়ি দিয়ে পাথর পরিবহন করে চুরির দায়ে ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ৩জন নিরপরাধ থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি ১৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. মাহমুদুল, মো. সাকিবুল হাসান, মো. লালন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মো. ইয়াকুব আলী, মো. কামরুল ইসলাম, মো. আব্দুল করিম, মো. আবু বক্কর, মো. শফিক মিয়া, মো. রুহুল আমিন, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ লাল মিয়া, মো. আখতার মিয়া, মো. শরিফ উদ্দিন, সুলতান উদ্দিন, মো. আল আমীন হোসেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান শাহ আরেফিন টিলা থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে বালু পাথর উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান চলবে।





