১ হাজার ৬৮০ ক্যারেট ভারতীয় কেনু জব্দ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:০২:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে চোরাই পথে আনা ১ হাজার ৬৮০ ক্যারেট ভারতীয় কেনু কমলা জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাই কেনু কমলার মূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শাহপরাণ এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় কেনু বহনকারী পিকআপ ঢাকা মেট্রো-ন-১৫-৯১৩৩ থামার জন্য সিগন্যাল দিলেও গাড়িটি পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে দক্ষিণ সুরমার ফল মার্কেটের সামন থেকে পিকআপটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় পিকআপ থেকে ১৫৬০ ক্যারেট কেনু জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।
অপর দিকে একই দিন শাহপরাণ থানাধীন মুরাদপুর বাইপাসে চেকপোস্ট বসিয়ে কেনু বহনকারী দুটি পিকআপ আটক করে পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে করে ১২০ ক্যারেট কেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা। এসময় পুলিশ গোয়াইনঘাটের ফেনাইকোনা আড়কান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে ইকরামুল হক রানাকে (১৮) গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় কেনু জব্দ করার পাশাপাশ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। সেই সাথে সামীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।





