নগরে দুর্ঘটনার কবলে পাঠ্যবইবাহী ট্রাক
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৯:২৭:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে নতুন পাঠ্যবই পরিবহনের সময় দুর্ঘটনার কবলে পড়েছে বইবাহী ট্রাক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান ফটকের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই নিয়ে এসেছিল।
এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলেও স্থানীয়রা জানান।
ট্রাকচালক নিজাম জানান, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের পাঠ্যবই নিয়ে সিলেটে আসেন। ট্রাকে প্রায় ১৬ টন বই ছিল। বিদ্যালয়ের গেটে প্রবেশের ঠিক আগমুহূর্তে ট্রাকের পেছনের একটি চাকা ড্রেনের ওপর থাকা স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায়।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের সামনের ড্রেনের একাধিক স্ল্যাব দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
প্রায়ই সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানলেও প্রয়োজনীয় সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। দ্রুত স্ল্যাবগুলো সংস্কারের জন্য সিলেট সিটি করপোরেশনকে অবহিত করা হবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।





