বড়লেখায় ৫ মাদকসেবীসহ ৮ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৭:২৯:৩২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত পাঁচ মাদকসেবী এবং পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার তিন আসামিসহ মোট ৮ ব্যক্তিকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মহদিকোনা গ্রামের হীরণ মিয়া, মনসুর আলী, জায়েদ আহমদ, দিলাল উদ্দিন ও ময়না মিয়া। এর মধ্যে হীরণ মিয়াকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
অপরদিকে বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ভোলারকান্দি গ্রামের আব্দুস সহিদ, পুলিশ আইনের ৩৪ ধারায় মহদিকোনা গ্রামের পাভেল আহমদ এবং আদিত্যের মহল এলাকার ইমন হোসাইনকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মোবাইল কোর্টে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক মামলায় গ্রেফতার তিন আসামিসহ ৮ জনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





