কদমতলী থেকে ভারতীয় চোরাইপণ্যসহ ২ ভাই আটক
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৮:৫৪:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কদমতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ দুই সহোদরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন ইসলাম ম্যানশনের দোতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (৪৫) ও সাইফ খান (৩২)। তারা পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার পালপাড়া শিকারপুর গ্রামের সবুর মুন্সির ছেলে। সাইফুল বর্তমানে ঝালকাঠি জেলার সদর থানার কিপাইতনগর এবং সাইফ খান যশোর সদর থানার পালবাড়ি নওদা এলাকায় বসবাস করছেন।
সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ১ লাখ ১৩ হাজার টাকার ভারতীয় কিটক্যাট ও মেন্টোস ক্যান্ডি-চকলেট ও চোরাইপণ্যসহ তাদেরকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে আদালদে সোপর্দ করা হয়েছে।





