অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : ২ কিশোর আটক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:০০:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থানার চক কালারাই এলাকা থেকে অপহৃত ৯ম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ২ কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার চক কালারাই এলাকার বাসিন্দা আব্দুর রব তালুকদারের ৯ম শ্রেণিতে পড়ুয়া কন্যা (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে তিনি মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। জিডির প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের ভানুগাছ রোড এলাকায় অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। অভিযান চালিয়ে ভানুগাছ রোড এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে আল-আমিন হাসান (১৮) ও মাহি আহমেদ নয়ন (১৮) নামের দুজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য মোতাবকে ওই হোটেল থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রী দক্ষিণ সুরমার চক কালারাই এলাকার আব্দুর রব তালুকদারের মেয়ে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





