নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে ‘সংকট বাড়বে’: ইইউকে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:১৬:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।বুধবার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেখানে ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাস্পালোনির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জামায়াতের আমীরের কার্যালয়ে যান। ওই দলে অন্য দুউ সদস্য হলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং দক্ষিণ এশিয়া বিভাগ ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের উপ-প্রধান মিস মনিকা বাইলাইতে।
আমীর ডা: শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর তাহের বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে। আমরা বলেছি, বাংলাদেশে একটা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। বিগত ৫৫ বছরে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে তা উত্তোরণের জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস শেষ হবে না বরং ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে, সংকট আরও গভীরতর হবে, এ আশঙ্কার কথা আমরা তাদেরকে স্পষ্টভাবে বলেছি।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে বলেছেন, আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে এবং এ ব্যাপারে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা তাদেরকে বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে সরকার পরিচালনার পরিকল্পনা করব ও দেশি-বিদেশি সকল স্টেক হোল্ডারকে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।
ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে বলেছে, তারা এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবে। তারা আশা করছেন বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু হবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরাও তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্যে যা কিছু করা প্রয়োজন জামায়াতে ইসলামী সেটা করবে এবং সার্বিকভাবে সহযোগিতা করবে।





