প্রার্থিতা ফিরে পেলেন হামিদুর রহমান আযাদ ও তাসনিম জারা
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৯:০৮:০১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে প্রার্থিতা ফিরে পেয়েছেন এই দুই বহুল আলোচিত প্রার্থী।শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশনে শনিবার থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনারসহ পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন।
এতে তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তাঁর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।





