যুক্তরাষ্ট্র বি১ ভিসা শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৯:১৮:৩১ অপরাহ্ন
আন্ডার সেক্রেটারি সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

জালালাবাদ রিপোর্ট : ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে দেশটি।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এ আশার কথা জানিয়েছেন।খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের জন্য অনুরোধ জানান। সম্ভব হলে স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথাও জানান। অ্যালিসন হুকার বলেন, এ গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
অ্যালিসন হুকার বিষয়টি স্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে এলে যুক্তরাষ্ট্র ভিসা বন্ড-সংক্রান্ত বর্তমান শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে। এ ছাড়া তিনি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার গোলাম মোর্তুজা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী ৯ জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠান অংশ নিয়েছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলোচনায় আসন্ন নির্বাচন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক প্রসঙ্গ এসেছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির সঙ্গে আলোচনায় খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে তাঁকে জানান। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে, বিশেষ করে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যান্য আঞ্চলিক বিষয়।





