আমাদের একমাত্র উদ্দেশ্য জাতীয় নির্বাচন, ছাত্রসংসদ নয় : শাবি ছাত্রদল নেতা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৬:৪৪:৪৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
আমাদের একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন, ছাত্রসংসদ নির্বাচন নয়- শাকসুর দাবিতে আন্দোলনরত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহান শাহ।
সোমবার রাত ১১টা ৫২ মিনিটে এরকম একটি ম্যাসেজ প্রদান করেন। এর একটি স্ক্রিনশট প্রতিবেদকের কাছে রয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ১২ তারিখের পূর্ব পর্যন্ত সকল ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
এই খবর ছাড়িয়ে পড়ার সাথে সাথে শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকলেই বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবন ও গোলচত্বর এলাকায় জড়ো হয়ে শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।
এর প্রেক্ষিতে ‘শাবিপ্রবি ছাত্রদল কমিটি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহান শাহ লিখেন, সবার আগে বাংলাদেশ। আমাদের লড়াই-সংগ্রামের উদ্দেশ্য জাতীয় সংকট মোকবিলা। তাই এখন আমাদের একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন, ছাত্রসংসদ নির্বাচন নয়। সাম্প্রতিক সকল ছাত্রসংসদ নির্বাচনের ফলাফল আমাদের দলের জন্য মাইনাস পয়েন্ট। দলের ইমেজ অক্ষুন্নতার প্রশ্ন। তাই আমরা অতি উৎসাহী না হই। ওভার কনফিডেন্স না হই। ধৈর্য ধরে জাতীয় লক্ষ্যে আগাই।
তবে, এই বিষয়ে জানতে চাইলে সোহান শাহ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, আমি এই বিষয়ে অবগত নই।





