বড়লেখায় অর্থ আত্মসাত মামলায় ২ জনের জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৬:৪২:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখার সৎপুর গ্রামের মো. চান্দ মিয়াকে ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়া পাঠানোর নামে অর্থ আত্মসাতের মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। সোমবার আসামিরা আত্মসমর্পন করে জামিন চাইলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দখারপাড়া গ্রামের নুর উদ্দিন ও তার ছেলে সুমন আহমদ।
জানা গেছে, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নুরউদ্দিন ও তার ছেলে সুমন আহমদ এবং রকিব আলীর ছেলে আলা উদ্দিন নিজেদের ট্রাভেলস ব্যবসা রয়েছে, ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়ায় লোক পাঠান বলে প্রচার চালান। তাদের প্রচারণায় বিশ্বাস করে বড়লেখা উপজেলার সৎপুর গ্রামের মো. চান্দ মিয়া ভিসার মূল্য ১৬ লাখ টাকা নির্ধারণ করে গত বছরের ২৫ আগস্ট ২ লাখ টাকা অগ্রীম দেন। কথা হয় বায়োমেট্টিক ফিঙ্গার প্রদানের ৪০ দিনের মধ্যে ভিসা দিয়ে চুক্তির বাকি টাকা নিবেন। কিন্তু বায়োমেট্টিক করানোর কয়েক মাস অতিবাহিত হলেও বিবাদিরা ভিসা করাননি। একপর্যায়ে লেনদেন অস্বীকার ও হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগি মো. চান্দ মিয়া এই তিনজনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। দীর্ঘদিন পলাতক থেকে দুই আসামি সোমবার আদালতে হাজির হয়ে জামিন চান।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন মিয়া অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় দুই আসামিকে আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।





