গোলাপগঞ্জে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৮:৪০:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শানাজ আহমদ (২৫)। তিনি বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে ও নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এসেছিলেন নিহত যুবক। দাওয়াত খেয়ে অন্য আরেকজনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অনুপম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে থানায় আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।





