জৈন্তায় পিকআপ চাপায় শিশু হত্যা : চালক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৯:২৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে পিকআপ চাপায় শিশু হত্যার দায়ে চালক সুমন আহাম্মদকে (২০) গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জৈন্তাপুর থানাধীন বাঘের সড়ক বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সুমন জৈন্তাপুর থানার লামনিগ্রাম নজরুল ইসলামের ছেলে।
শনিবার (৩১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯। তাকে গ্রেফতার দেখিয়ে শনিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জৈন্তাপুর থানা পুলিশ।র্যাব জানায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর বিকেলে খলিল মিয়া তার স্ত্রী এবং ছেলে-মেয়েকে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশায় উঠিয়ে দেন। অটোরিকশাটি যাত্রী নিয়ে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুর থানাধীন আসামপাড়া ব্রিজের দক্ষিণে পৌঁছামাত্র সিলেটগামী একটি পিকআপ অটোরিকশাকে দেয়। এতে তার স্ত্রী ও ছেলে-মেয়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়া আক্তারকে (৬) মৃত ঘোষণা করেন। এঘটনায় জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে সুমন আত্মগোপনে চলে যান। অবশেষে র্যাব তাকে আটক করে।





