বটেশ্বরে চোরাইপণ্যসহ প্রাইভেটকার জব্দ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট শহরতলীর বটেশ্বর থেকে ভারতীয় পণ্যসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শাহপরান (র.) থানাধীন বটেশ্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মো. আফুর উদ্দিনের ছেলে মো. আনিছ মিয়া (৩৯), একই এলাকার মো. আফুর উদ্দিনের ছেলে মো. আলমগীর মিয়া (৩৫) ও মো. হামিদুল্লাহর ছেলে আইনুল হক (৩১) এবং একই জেলার সোনারগাঁও থানার মো. শাহজাহানের ছেলে মো. মিজানুর রহমান (২৯)।
এসএমপি পুলিশ জানায়- শনিবার আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে শাহপরান (র.) থানাধীন বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের বিপরীতে আব্দুল হান্নান টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট চালিয়ে একটি টয়োটা প্রিমিও মডেলের প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ৮৫০ পিস সাফারি চকলেট ও ২৪০ পিস ওরিও বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় অবৈধ পণ্যের আনুমানিক মোট মূল্য ৮৫ হাজার ৩০০ টাকা।
রোববার (১ ফেব্রুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





