শাবিপ্রবি-কানাজাওয়া বিশ্ববিদ্যালয় একাডেমিক চুক্তি স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধীন গ্র্যাজুয়েট স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবরেটরি ও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও একাডেমিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাশি ওহাশি শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবরেটরি পরিদর্শন করেন। এরপর তিনি ‘ম্যানগানিজ অক্সাইড ফেরোম্যাগনেট খধ₁.₄ঈধ₁.₆গহ₂ঙ₇-এ ম্যাগনেটোক্যালরিক ইফেক্ট ও ক্রিস্টাল গ্রোথের পারস্পরিক সম্পর্ক’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি পদার্থবিজ্ঞান বিভাগের চলমান গবেষণা কার্যক্রম ও জাপানে সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
তারপর গত ৩১ জানুয়ারি অধ্যাপক মাসাশি ওহাশি শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা হয়। এই চুক্তির মাধ্যমে ভাইস চ্যান্সেলর দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাবরেটরিটি অধ্যাপক ড. শামসুন নাহার বেগমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।





