ভোট ঘিরে সিলেটে উৎসবের আমেজ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সিলেটে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বহুল প্রতিক্ষীত এই সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘন্টা ভোটগ্রহণ চলবে।
ভোট ঘিরে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের সাড়ে ৯১ লাখেরও বেশি ভোটার উৎসবের অপেক্ষায়। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনার বিদায় পরবর্তী বাংলাদেশের প্রথম এই সংসদ নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, সেটার গতিপথ নির্ধারণ করবে। ফলে বুঝে শুনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে উৎখাত করতে হবে। জেন-জি জেনারেশনের জুলাই বিপ্লব পরবর্তী নির্বাচন আগামীর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটকে বিজয়ী করতেও প্রচারণা চালাচ্ছেন ভোটাররা।
জানা গেছে, ভোট ঘিরে সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের মধ্যে প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন উপলক্ষে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়ি ফিরেছেন। প্রার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনের বার্তা ও কল রেকর্ডের মাধ্যমে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন।
শহর ও গ্রামজুড়ে সাজ সাজ রব দেখা গেছে। ভোট প্রার্থনায় ‘মা-বোনদের দোয়া চাই’, ‘ভাই-ভাবিদের দোয়া চাই’ এমন স্লোগান এখন সাধারণ আলোচনার অংশ হয়ে উঠেছে। পাশাপাশি কে জিতবে, কে রাষ্ট্রক্ষমতায় যাবে এবং ভোটের পরিবেশ কেমন হবে, এসব বিষয় নিয়ে চলছে নানা আলোচনা।
গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এ উৎসবের আমেজ দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সিলেটবাসীরা ভোট দেওয়ার উদ্দেশ্যে নিজ নিজ এলাকায় ফিরছেন। ঢাকার বর্তমান বাসিন্দা মো. মুহিবুল্লাহও সিলেট এসেছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র সিলেট-১ আসনের ভোটার। তিনি জালালাবাদকে বলেন, ফ্যাসিস্ট হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই ভোটার হওয়ার পর কোনোদিন ভোট দিতে পারিনি। ফলে জীবেনর প্রথম ভোটটি দিতে সিলেটে এসেছি। তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলে জানান।
সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের ব্যবসায়ী আব্দুস ছামাদ ঢাকা থেকে পরিবারসহ ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ১৬ বছর ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে। এবার আর মিস করব না। সকাল সকাল কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেব। সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর সুন্দরভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটার আক্তার হোসেন বলেন, ‘অনেক দিন পর পছন্দের প্রার্থীকে ভোট দেব। ভোরেই কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছি।’
সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ভোটার সাদিয়া আফরিন বলেন, আগে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত। শুনছি এবার নির্বাচন সুষ্ঠু হবে। তাই সবার আগে গিয়ে ভোট দিতে চাই।
তথ্য মতে, সিলেট জেলার ৬ টি সংসদীয় আসনে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সিলেট জেলার আওতায় রয়েছে ৭২২টি এবং সিলেট মহানগর এলাকায় রয়েছে ২৯৪টি ভোটকেন্দ্র। সিলেট মহানগর পুলিশের অধীনে রয়েছে সিলেট-১ আসনের পুরো এলাকা ও সিলেট-৩ আসনের আংশিক অংশ। সিলেট-৩ আসনের বড় অংশসহ বাকি চারটি আসন পড়েছে সিলেট জেলা পুলিশের আওতায়।
ইসির তথ্য মতে, সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে ৫টি এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় রয়েছে ৪টি করে আসন। আসনভিত্তিক হিসেবে সিলেট-১ আসনে ভোটার রয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। সিলেট-৩ আসনে ৪ লাখ ১৬ হাজার, সিলেট-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন, সিলেট-৫ আসনে ৪ লাখ ৮ হাজার ৭৪৮ জন এবং সিলেট-৬ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৯৩ জন।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন, মৌলভীবাজার-২ আসনে ৩ লাখ ৩ হাজার ২০ জন, মৌলভীবাজার-৩ আসনে ৪ লাখ ৮৬ হাজার ২০১২ জন ও মৌলভীবাজার-৪ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৯২ জন। হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন, হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৯৪ হাজার ৭৫৬ জন. হবিগঞ্জ-৩ আসনে ৪ লাখ ১৯ হাজার ৫৭৩ জন ও হবিগঞ্জ-৪ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।
সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬ হাজার ৫২ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ লাখ ৭২ হাজার ১৮৫ জন ও সুনামগঞ্জ-৫ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এবার সিলেটে শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। আশা করছি নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।





