সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কয়েক ঘন্টার ব্যবধানে একদিনে সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার পৃথক সময়ে সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সুনামগঞ্জের দিরাইয়ে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৩ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১০ জন।
দিরাই : বুধবার দুপুরে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ললোয়ারচর গ্রামের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধা নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম পারুল বালা (৬৫)। তিনি শাল্লা উপজেলার বোলানগর গ্রামের বাসিন্দা ও সুকেশ দাসের স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে দিরাই উপজেলার ললোয়ারচর গ্রামে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন- সিপা দাস (১৩), পুলনা দাস (৩০), নির্জন দাস (৬) ও নিকলেট দাস (২৫)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামীণ সড়ক দিয়ে চলাচলের সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পারুল বালা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাপগগঞ্জ:
বুধবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে ফাহাদ হাসান (২৭) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ফাহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাঠিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের একমাত্র ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।
স্থানীয়রা এই মোটরসাইকেল আরোহীর মরদেহ রাস্তায় পড়ে থাকলে দেখলে তাৎক্ষণিক তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
বিয়ানীবাজার:
বুধবার সকাল নয়টার দিকে বিয়ানীবাজারে উপজেলার আছিরগঞ্জ এলাকার বসন্তপুরে ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়নের বড়াউট গ্রামের মক্তার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আছিরগঞ্জের বসন্তপুর এলাকায় একটি হাইড্রোলিক ট্রাক্টরের সঙ্গে একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের এক যাত্রী গুরুতর আহত হয়ে ঘঠনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।




