পণ্যে ভেজাল, ফিজা ও রসমেলাকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পণ্যে ভেজাল থাকায় সিলেটের ভোগ্যপণ্য প্রস্তত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ফিজাকে ৩০ হাজার ও অতিরিক্ত দাম রাখার কারণে রসমেলাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে এই দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানায়, বুধবার বিকেলে ফিজার সুবিদবাজার শাখায় অভিযানকালে পোড়া তেল দিয়ে ইফতার তৈরির প্রমাণ পায় সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যে ভেজাল থাকার দায়ে ফিজাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মিরাবাজারের রসমেলা ফুড প্রোডক্টসের শো-রুমে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার প্রমাণ পায় আদালত। এসময় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল তালিকা প্রদর্শন না করায় কিউ বিস্ট্রোকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, বুধবার সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শো-রুমে অভিযান চালানো হয়। এসময় ফিজার সুবিদবাজার শাখায় অভিযান চালিয়ে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। সাথে সাথে ফিজার ওই শাখাটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তিনি জানান, অভিযানকালে সবাইকে মূল্য তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এছাড়া রসমেলার শো-রুমে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল তালিকা প্রদর্শন না করায় কিউ বিস্ট্রোকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিনের নেতৃত্বে অভিযান চলাকালে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।




